channel i online
ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইস্ক্রিন
  4. আদালত
  5. আনন্দ আলো
  6. আন্তর্জাতিক
  7. কর্পোরেট নিউজ
  8. কৃষি
  9. কৃষি ভিডিও
  10. চ্যানেল আই লাইভ | Channel i Live
  11. জনপদ
  12. তথ্যপ্রযুক্তি
  13. নারী
  14. নীলফামারী
  15. পরিবেশ

স্পিরিট অব আবদুস সালাম’ পুরস্কার পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির মাহবুবুল আলম

Link Copied!

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেস এর ডিন এবং গণিত অলিম্পিয়াডের কোচ প্রফেসর মাহবুবুল আলম মজুমদার ২০২৬ সালের “স্পিরিট অব আবদুস সালাম” পুরস্কার পেয়েছেন।

প্রতি বছর আবদুস সালামের জন্মদিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। এই পুরস্কার দেওয়া হয় তাদের, যারা আবদুস সালামের মতো বিশ্বের পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করেন।

বাংলাদেশে বিজ্ঞান ও শিক্ষায় অসামান্য অবদান রাখায় প্রফেসর মাহবুব মজুমদারকে এই সম্মাননার মাধ্যমে স্বীকৃতি জানানো হয়েছে।

এ বছর একই পুরস্কারটি করিম আওদিয়াকেও দেওয়া হয়েছে। তাকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি ছিলেন একজন ভূ-পদার্থবিজ্ঞান গবেষক এবং আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স (আইসিটিপি) এর আর্থ সিস্টেম ফিজিক্স বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান।

আইসিটিপির প্রতিষ্ঠাতা এবং ১৯৭৯ সালের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের পরিবার এই পুরস্কারের ঘোষণা দিয়েছে। গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে তার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

আইসিটিপি হলো পদার্থ ও গাণিতিক বিজ্ঞানের একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। এটি ইতালির ত্রিয়েস্তে শহরে অবস্থিত। এই কেন্দ্রটি ইতালি সরকার, ইউনেসকো এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার যৌথ চুক্তিতে পরিচালিত হয়। ৬০ বছরেরও বেশি সময় ধরে আইসিটিপি উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞান চর্চা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

প্রফেসর মজুমদারের এই অর্জনের বিষয়ে আইসিটিপি জানিয়েছে, মাহবুবুল মজুমদার সবসময় দেশ গঠন ও মানুষের কল্যাণকে নিজের কাজের কেন্দ্রে রেখেছেন। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব কেমব্রিজের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।

তিনি বাংলাদেশের অন্যতম প্রচারিত মাসিক বিজ্ঞান পত্রিকা বিজ্ঞানচিন্তা এর উপদেষ্টা বোর্ডের সদস্য। এছাড়া তিনি আইসিটিপির ফিজিক্স উইদাউট ফন্ট্রিফার্স কর্মসূচির সঙ্গে কাজ করে দেশে বিভিন্ন শিক্ষা সম্মেলনের আয়োজন করেছেন। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল উইন্টার স্কুল ইন ম্যাথমেটিক্যাল অ্যান্ড থিওরেটিক্যাল ফিজিক্স আয়োজন, যেখানে বিশ্বের খ্যাতনামা বিশেষজ্ঞরা শিক্ষক হিসেবে অংশ নেন বলে জানিয়েছে আইসিটিপি।

বাংলাদেশে গণিত প্রতিভা গড়ে তুলতে অসামান্য অবদান রেখেছেন প্রফেসর মজুমদার। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় গণিত অলিম্পিয়াড দলের কোচ ও পরামর্শক হিসেবে কাজ করছেন। তার নিরন্তর প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বেশ কিছু অসাধারণ সাফল্য অর্জন করেছে। যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ায় ভারতের বাইরে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের স্বর্ণপদক জয়।

প্রফেসর মাহবুবুল আলম মজুমদারের এই অর্জন ব্র্যাক ইউনিভার্সিটির জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা), এসডিজি-১০ (বৈষম্য হ্রাস) এবং এসডিজি-১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব) অর্জনের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়েছে।